যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: দেহাংশ উদ্ধার, রুমমেট গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে মার্কিন পুলিশ। এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহ (২৬) নামের এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পা থেকে নিখোঁজ হন ২৭ বছর বয়সী এই দুই শিক্ষার্থী। জামিল বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশ ও নীতি বিষয়ে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণা করছিলেন। এর আগে নাহিদা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা শেষ করেন।
স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে প্রথমে জামিল লিমনের ক্ষতবিক্ষত দেহাংশ উদ্ধার করে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়। এরপর শনিবার (২৫ এপ্রিল) নাহিদার বড় ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তার বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি জানান, সন্দেহভাজন ব্যক্তির বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মানবদেহের একটি অংশের ডিএনএ পরীক্ষার পর নাহিদার সঙ্গে তার মিল পাওয়া গেছে। পুলিশ গ্রেপ্তারকৃত লিমনের রুমমেট হিশামের বাসা থেকে নাহিদার মরদেহের বিভিন্ন নমুনা ও আলামত সংগ্রহ করেছে।
হিশামকে গ্রেপ্তারের সময় সোয়াট (SWAT) টিম এবং ক্রাইসিস নেগোশিয়েটরদের হস্তক্ষেপ করতে হয়, কারণ সে নিজেকে তার পরিবারের ঘরের ভেতর অবরুদ্ধ করে রেখেছিল। বর্তমানে ওই সন্দেহভাজনকে বেআইনিভাবে মৃতদেহ সরানো, প্রমাণ নষ্ট করা এবং মিথ্যা আটকে রাখার মতো প্রাথমিক অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কঠোর জিজ্ঞাসাবাদ করছে মার্কিন প্রশাসন।
এই জোড়া হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখনও অস্পষ্ট। তবে প্রায় একই সময়ে নিখোঁজ হওয়া এই দুই মেধাবী শিক্ষার্থীর এমন নৃশংস মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।



