দেশে চলমান হামের সংক্রমণ ও হামের টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক তদন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

হামের টিকার সংকট ও সরকারের পদক্ষেপ ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, দেশে হামের কারণে ইতোমধ্যে চার শতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, যা একটি অত্যন্ত বড় বিষয়। ঠিক কী কারণে এই টিকার সংকট তৈরি হয়েছে এবং টিকা দেয়ার ক্ষেত্রে কারও কোনো অবহেলা ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতেই এই তদন্ত করা হবে।
তিনি স্পষ্ট করেন যে, দায়সারাভাবে কারও ওপর দোষ চাপানোর জন্য নয়, বরং প্রকৃত কারণ অনুসন্ধানের জন্যই এই তদন্ত পরিচালিত হবে। অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি হামের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে হাসপাতালের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
তবে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, হামের কারণে দেশে জরুরি অবস্থা জারির কোনো প্রয়োজন নেই। হাসপাতালগুলোতে সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে চিকিৎসা দেয়া হচ্ছে এবং টিকার বাইরে থাকা শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে টিকাদান কর্মসূচির প্রচারণা আরও বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।

জ্বালানি সরবরাহ, টিসিবি ও উন্নয়ন প্রকল্প দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জানান যে, দেশে চাহিদার তুলনায় জ্বালানি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের জ্বালানি সংকট নেই। সাধারণ মানুষের কষ্ট লাঘবে টিসিবির ট্রাক সংখ্যা ইতোমধ্যে প্রায় দ্বিগুণ করা হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও বাড়ানো হবে।
জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সম্প্রতি নৌপরিবহনের ভাড়াও কিছুটা সমন্বয় করা হয়েছে বলে তিনি জানান। জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারির জন্য ২০৩০ সাল পর্যন্ত মেয়াদি একটি প্রকল্প নেয়া হয়েছে।
এই প্রকল্পের অধীনে নতুন ইউনিট স্থাপনের মাধ্যমে বছরে ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়াকরণের সক্ষমতা তৈরি হবে। এছাড়া, আগামী ১৯ মে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও তথ্য উপদেষ্টা নিশ্চিত করেছেন।
ফৌজদারি অপরাধের বিচার ও মার্কিন বাণিজ্য চুক্তি রাজনৈতিক ও আইনি বিষয়ে ডা. জাহেদ উর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বহু ফৌজদারি অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করে বর্তমান সরকার যথাযথ আইনি ব্যবস্থা নেবে।
তিনি জোর দিয়ে বলেন, ফৌজদারি অপরাধ কখনও তামাদি হয় না। জনগণের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত আগের সব চুক্তি সরকার পুনর্মূল্যায়ন করবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এই চুক্তিতে ৬০ দিনের নোটিশ দিয়ে বাতিলের সুযোগ যেমন রয়েছে, তেমনি আলোচনার মাধ্যমে এর বিভিন্ন শর্ত পরিবর্তনেরও সুযোগ রয়েছে। এটি একটি শক্তিশালী চুক্তি বিধায় এর প্রভাব ও প্রেক্ষাপট সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখছে।
চুক্তিটি পুনর্মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও খাতের বিশেষজ্ঞদের সঙ্গে সরকার শিগগিরই বৈঠক করবে এবং এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।
এছাড়াও, শিক্ষা খাতের আধুনিকায়নে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৩ লাখ ৮৪ হাজার শিক্ষককে ট্যাব দেয়া হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির প্রতারণা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব অসাধু প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।



